০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চীনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার প্রকোপ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:১৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / 88
আন্তর্জাতিক ডেস্ক
চীনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার প্রকোপ। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, জুনের শেষ দিকে মাত্রা ছাড়াতে পারে এক্সবিবি নামের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ। এটি আগের সব ধরন থেকে ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ রোধে প্রস্তুতি নিতে শুরু করেছে চীন। এরই মধ্যে বেইজিংয়ে বাড়ির বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছে প্রশাসন।
করোনার ঝুঁকি কমায় গত এপ্রিলে কোভিড-১৯ এর বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু মাস না গড়াতেই চীনে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট।
চীনের সিডিসির তথ্য মতে, ফেব্রুয়ারিতে এক্সবিবি মিউট্যান্টের সংক্রমণের হার ছিল দশমিক ২ শতাংশ। মে মাসের শুরুতে যা পৌঁছে গেছে ৮৩.৬ শতাংশে।
চীনের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গের বলছে, এমনটা চলতে থাকলে জুনের শেষ দিকে মাত্রা ছাড়াতে সংক্রমণ। সেসময় সপ্তাহে সাড়ে ছয় কোটির বেশি মানুষ আক্রান্ত হওয়ার শঙ্কা করা হচ্ছে। যা চীনে করোনার আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
এক্সবিবি হলো ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের একটি হাইব্রিড সংস্করণ। নতুন এ ধরন আগের ভ্যারিয়েন্ট থেকে ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় দেখা গেছে, এক্সবিবির সংক্রমণ এবং ভ্যাকসিন প্রতিরোধের ক্ষমতা আগের সবগুলোর চেয়ে শক্তিশালী।
এ পরিস্থিতিতে নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে চীন। বেইজিংয়ে বাড়ির বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছে প্রশাসন। গুরুত্ব দেওয়া হচ্ছে টিকা কার্যক্রমে। চারটি নতুন ভ্যাকসিন শিগগিরই অনুমোদন পাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ বছরের ফেব্রুয়ারিতে করোনার বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করেছিল দেশটি। ভ্রমণ নিষেধাজ্ঞাসহ তুলে নেওয়া হয় সব ধরনের কড়াকড়ি। সেই পদক্ষেপই কাল হলো বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

.jpeg)



















