গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- প্রকাশ : ০৭:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / 84
গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা ৫৩ মিনিটে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুই দিনের সফরে গোপালগঞ্জে গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান সরকারপ্রধান।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা।
জানা গেছে, দুদিনের সফরে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। সফরকালে তিনি নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিকে সরকারপ্রধানের সফর ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। সফর শেষে রোববার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। এরপর বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নেন নতুন নির্বাচিত এমপিরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।


























