দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি
- প্রকাশ : ১১:২৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / 83
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বসছে ৩০ জানুয়ারি। স্পিকার সভাপতিত্বে ওই দিন বিকাল তিনটায় এ অধিবেশন শুরু হবে।
সোমবার সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ এই অধিবেশন আহবান করেছেন।
এর আগে ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সংসদের বৈঠকের প্রথম দিন নতুন স্পিকার-ডেপুটি স্পিকারের নির্বাচন হবে। আওয়ামী লীগের সংসদীয় দল এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে মনোনয়ন দিয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এ পদে ভোটে আওয়ামী লীগ মনোনীতরাই বিজয়ী হবেন।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। বছরের প্রথম অধিবেশন ফেব্রুয়ারি মাসজুড়ে চলার সম্ভাবনা আছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
২০১৯ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে একাদশ জাতীয় সংসদ। সেই মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি।
একাদশ সংসদের এবারও প্রথম অধিবেশনে সব কটি সংসদীয় কমিটি গঠন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ফল অনুযায়ী, আওয়ামী লীগ জয়ী হয়েছে ২২৩টি আসনে, জাতীয় পার্টি (জাপা) ১১ এবং জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। এছাড়া ৬২টি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।
এদিকে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে সেখানকার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আসনে ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।




















