দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড
- প্রকাশ : ০৪:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / 97
আবারও দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। তবে ভ্যাট ও মজুরিসহ এ দাম আরও বেশি হবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস এ ঘোষণা দেয়। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা আসে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গত ২৪ ও ১৯ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম আরও দুই দফা বাড়ানো হয়। তার আগে ৭ ডিসেম্বর দাম কিছুটা কমানো হয়েছিল। অবশ্য তার আগে গত ৩০, ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবার স্বর্ণের দাম বাড়ানো হয়। অর্থাৎ টানা পাঁচ দফা দাম বাড়ানোর পর গত মাসের শুরুর দিকে কিছুটা কমানো হয়।
কিন্তু ২০২৩ সালের শেষ দিকে দুই দফা এবং নতুন বছরের প্রথম মাসেই এখন আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হলো। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণ। এর আগে গত ২৪ ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়। এতোদিন দেশের বাজারে এটাই ছিলো স্বর্ণের সর্বোচ্চ দাম। আগামীকাল বৃহস্পতিবার থেকে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭ হাজার ৩০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৯২ হাজার ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অবশ্য স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ২১ হাজার ৫৬২ টাকা গুনতে হবে।
এর আগে গত ২৪ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে এক লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯২ টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়। ১৭ জানুয়ারি পর্যন্ত এ দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।
তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।




















