বিএনপি নেতা ড. মঈন খান আটক
- প্রকাশ : ০৩:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / 62
বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টরে মিছিল থেকে তাকে আটক করা হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব ‘রাজবন্দী’র মুক্তি, সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ ‘এক দফা’ দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) এই কর্মসূচির আয়োজন করে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জেনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় মিছিল থেকে অন্তত ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সাতটি এলাকা থেকে মিছিল পরিচালনা করা হয়। বিএনপিসহ একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের শরিকরা আলাদাভাবে কালো পতাকা মিছিল করছে।
বিএনপি সূত্রে এরইমধ্যে জানা গেছে সব জেলা ও উপজেলা শহর এবং মহানগরে কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বিএনপি নেতারা জানান, জনগণকে নিয়ে এই সরকারের সব কর্মকাণ্ডকে প্রতিরোধ করা হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে বলা হয়, সোমবার ২৯ জানুয়ারি রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়াও যে কোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়।
যেসব এলাকায় ওই নিষেধাজ্ঞা বহাল ছিলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্বপ্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল।
রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ’র পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।
বিস্তারিত আসছে…




















