কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম কমবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
- প্রকাশ : ০৭:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / 92
মুড়িকাটার সরবরাহ কিছুটা কমে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়তে থাকার মধ্যেই বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কিছুদিনের মধ্যেই দাম কমতে শুরু করবে।
এরই মধ্যে রোজা উপলক্ষে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি রপ্তানি করতে ভারতকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নতুন পেঁয়াজ এখনও বাজারে আসতে শুরু করেনি। সেজন্য দাম বেড়েছে। কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম কমে যাবে।
রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুদিন আগেও দেশি পেঁয়াজের সর্বোচ্চ দাম ছিলো খুচরায় ৯০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।
রাজধানী ছাড়াও চট্টগ্রামসহ অন্যান্য জেলাতেও বেড়েছে পেঁয়াজের দাম।
আহসানুল ইসলাম বলেন, চিনি ও ভোজ্যতেলের শুল্ক কমানোর জন্য এনবিআরকে বলা হয়েছে। চিনিতে ৩০ ভাগ ও ভোজ্যতেলের ১৫ থেকে ৫ ভাগ শুল্ক কমানোর প্রস্তাব দেয়া হয়েছে।
রমজানে প্রয়োজনীয় চিনি, তেল, ডাল যথেষ্ট মজুদ আছে বলে জানান তিনি। বলেন, চাল মজুদ আছে ১৭ লাখ টন। রোজায় চিনি, তেল ও ডালের প্রয়োজনীয় মজুদ আছে।
টিটু বলেন, বাজারে যে পরিমাণ পণ্য মজুদ আছে তাতে রোজা সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নাই।
তবে কারসাজি করে যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আর দাম বৃদ্ধির ক্ষেত্রে আমদানিকারক না সরবরাহকারী জড়িত অথবা কোন জায়গা থেকে দাম বাড়ছে, মন্ত্রণালয় তা খুঁজে বের করার চেষ্টা করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
বলেন, যতো বড় গ্রুপ ও কোম্পানি হোক, দামে কারসাজি হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।




















