সাত জেলায় সড়কে ঝরল ১৮ প্রাণ
- প্রকাশ : ০৯:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 45
ছুটির দিনে সারা দেশের সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক-যাত্রীসহ ৭ জন নিহত হন। ভোর থেকে বিকেল পর্যন্ত দেশের সাতটি জেলায় এসব দুর্ঘটনা ঘটে।জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহে নিহত ৭
ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, ঢাকা থেকে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ সাতজন নিহত হন।
বগুড়ায় নিহত ৩
বগুড়ার শাজাহানপুরে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বালুবাহী একটি ট্রাক বগুড়া থেকে নাটোরে যাচ্ছিল। পথে বীরগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন।
মৌলভীবাজারে নিহত ৩
মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হয়েছেন চারজন। বিকেল ৪টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নম্বরবিহীন দুটি অটোরিকশার একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল।
পথে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।
জামালপুরে নিহত ২
জামালপুরের সদর উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে স্কুলপড়ুয়া দুই বন্ধু নিহত হয়েছে। বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফরিদপুরে নিহত ১
ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চুয়াডাঙ্গায় নিহত ১
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় মফিজ মিয়া (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সকাল ১০টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের তালসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ মফিজ মিয়া উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
চট্টগ্রাম নিহত ১
রাউজানে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম মো. নুরুল আলম (৭৫)।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জলিল নগর বাস স্টেশনের অদূরে আমানিয়া হোটেলের সামনে।
রাউজান হাইওয়ে থানার অফিসার মো. নজরুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




















