রাশিয়ার ওপর ৫শ’র বেশি নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
- প্রকাশ : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / 58
ইউক্রেনে ‘রুশ আগ্রাসনের’ দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর আরও ৫শ’র বেশি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। মূলত ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা এবং রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর কারণে এসব নতুন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। খবর- ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
বিবৃতিতে জো বাইডেন বলেন, বিদেশে আগ্রাসন এবং দেশে নির্যাতনের জন্য আরোপিত এসব নিষেধাজ্ঞা নিশ্চিত করবে—পুতিনকে চড়া মূল্য দিতে হবে।
নাভালনিকে কারাদণ্ড দেওয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এ ছাড়া রাশিয়ার অর্থনৈতিক খাত, প্রতিরক্ষা শিল্প, কেনাকাটার নেটওয়ার্ক এবং নিষেধাজ্ঞা ভঙ্গকারীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানিয়েছেন বাইডেন।
বিবৃতিতে বাইডেন ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুই বছর ধরে চলা এ যুদ্ধে এখনো ইউক্রেনীয়রা প্রবল সাহসিকতার সঙ্গে লড়াই করে চলেছেন। কিন্তু তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। রাশিয়ার অব্যাহত হামলা প্রতিহতে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের আরও অস্ত্র প্রয়োজন।
ইরান এবং উত্তর কোরিয়ার অস্ত্রের কারণে রাশিয়া এখনও হামলা অব্যাহত রাখতে পারছে বলে দাবি করে বাইডেন বলেন, বেশি দেরি হওয়ার আগেই হাউজ অব রিপ্রেজেনটেটিভকে দ্রুত ইউক্রেনের সহায়তা বিলকে অনুমোদন দিতে হবে।




















