এপ্রিলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি
- প্রকাশ : ১২:৩০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / 59
চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি তীব্র কালবৈশাখি ঝড় ও অতিতীব্র (৪২ ডিগ্রি সেলসিয়াসের কম বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
সোমবার (১ এপ্রিল) এপ্রিল মাসের জন্য আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হতে পারে। এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।
এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস ) এবং এক থেকে দুটি তীব্র (৪০ থেকে ৪১. ডিগ্রি সেলসিয়াস) থেকে অতিতীব্র (৪২ ডিগ্রি সেলসিয়াসের কম বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
চলতি মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও আশেপাশের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীগুলোর পানি উচ্চতা সময় বিশেষে দ্রুত বাড়তে পারে। পাশাপাশি স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।
অন্যদিকে সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও বিস্তার লাভ করতে পারে। আবার পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বৃদ্ধি পাবে।
তবে এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
অপরদিকে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) ময়মনসিংহ, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিনও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
অপরদিকে বুধবার (৩ এপ্রিল) সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ও ঈশ্বরদীতে ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।




















