০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / 41
ভোলা প্রতিনিধি
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’ মোসাম্মৎ মালেকা বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বীরমাতা মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তৈয়বুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের মৌটুপি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন।
মরহুমার ছেলে মোস্তাফিজুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গুরুতর অবস্থায় ১৮ আগস্ট তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২০ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনার পর মঙ্গলবার সকালে মারা যান।
আসর বাদ নামাজে জানাযা শেষে মৌটুপি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
এদিকে বীরমাতার দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
‘বীরমাতার’ মৃত্যুতে ভোলা জেলা প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন শোক জানিয়েছেন।





















