উত্তরা বিআরটিএ অফিসে সাংবাদিকের ওপর হামলা — কর্মকর্তার ছত্রছায়ায় দালালচক্রের দৌরাত্ম্য!
- প্রকাশ : ০৯:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 33
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত বিআরটিএ অফিসে ঘুষ ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সুমন খানের ওপর দালালচক্রের হামলা হয়েছে। অভিযোগ রয়েছে, অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এই দালালদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সাংবাদিক সুমন খান মোবাইলে ঘুষ লেনদেনের তথ্য ধারণ করছিলেন। এ সময় দালাল জাকির, রনি, বাপ্পি, রতন, জীবন ও শাহিনসহ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়ে অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়। তিনি প্রাণভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা বিআরটিএ অফিস ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রভাবশালী চক্র লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদের নামে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করছে। অভিযোগ রয়েছে, কিছু কর্মকর্তা দালালদের সঙ্গে মুনাফার ভাগাভাগিতে যুক্ত, ফলে সরকারি সেবা ব্যবস্থা এখন ঘুষনির্ভর হয়ে পড়েছে।
বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “সাংবাদিকের ওপর হামলা মানে সত্য প্রকাশের অধিকারকে দমন করার চেষ্টা।” তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও জড়িত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিআরটিএ’র সহকারী পরিচালক (এডি) মোরসালিন বলেন, “এ বিষয়ে আমি অবগত নই, তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকের ওপর হামলার এ ঘটনা শুধু একজন ব্যক্তির নয়—গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার সরাসরি আঘাত।




















