কৃষকের ২৫ কাঠা জমির গমের ক্ষেত আগাছানাশক বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ।
- প্রকাশ : ০৯:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 15
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মেহেরপুর প্রতিনিধি।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের এক কৃষকের ২৫ কাঠা জমির গমের ক্ষেত আগাছানাশক বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার বেনির নেসা মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক কিবরিয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী শুকুর আলী ও আব্দুল্লাহর সঙ্গে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে জমি দেখভালকারী জাহাঙ্গীরের কাছ থেকে খবর পেয়ে তিনি মাঠে গিয়ে দেখেন, গমের পুরো জমিতে বিষ প্রয়োগ করা হয়েছে। ফলে গাছগুলো পুড়ে বিবর্ণ হয়ে গেছে।
কিবরিয়ার অভিযোগ, এর আগেও আব্দুল্লাহ বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে বলেছিলেন জমিতে ফসল করলে তা বিষ দিয়ে নষ্ট করে দেওয়া হবে। এ ঘটনায় তার প্রায় ৩৬ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি ভবিষ্যতেও তার আবাদী ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।এ ঘটনায় কিবরিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে শুকুর আলী (৫০) এবং মৃত মোজাম শেখের ছেলে আব্দুল্লাহ (৫৮)-কে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।




















