ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার আব্দুল হামিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
- প্রকাশ : ১০:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 21
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আল আমিন মেহেরপুর।
মেহেরপুরের গাংনী উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার আব্দুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী এসব অভিযোগ করেছেন।
ভুক্তভোগীদের দাবি, সার্টিফিকেট মামলা সংক্রান্ত নথি নিষ্পত্তি, কাগজপত্র দ্রুত প্রস্তুত করা ও অনুকূলে আদেশ পাওয়ার আশ্বাস দিয়ে আব্দুল হামিদ নিয়মবহির্ভূতভাবে অর্থ দাবি করছেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত সরকারি ফি’র বাইরে অর্থ না দিলে ফাইল দীর্ঘদিন আটকে রাখা হয় কিংবা বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাপ্রার্থী জানান, “ভূমি অফিসে সার্টিফিকেট সংক্রান্ত কাজে দালাল নির্ভরতা বাড়ছে। আব্দুল হামিদের মাধ্যমে টাকা না দিলে কাজ এগোয় না বলে অভিযোগ রয়েছে।”স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের অভিযোগ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।
তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে সার্টিফিকেট পেশকার আব্দুল হামিদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। তবে ভূমি অফিসের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।




















