নোয়াখালী হাতিয়ায় রোলার চাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু।
- প্রকাশ : ১১:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 33
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চাপায় মো. আজিম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম ওই এলাকার পশ্চিম বেজুগালিয়া গ্রামের কৃষক বেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রোলার দিয়ে সড়ক নির্মাণকাজ চলছিল। দুপুরের পর শিশু আজিম রোলারটি দেখতে গেলে অসাবধানতাবশত তার একটি পা রোলারের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেলাল উদ্দিন বলেন, চালক জসিম উদ্দিন নতুন। সকালে আমি তাকে বলেছিলাম এটি ঘনবসতিপূর্ণ এলাকা, সাবধানে কাজ করতে। কিন্তু অসতর্কতার কারণেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসন ও পৌরসভা নিহত শিশুর পরিবারের পাশে থাকবে। যেকোনো প্রয়োজনে পরিবারটি আমাদের সহযোগিতা পাবে।




















