খাগড়াছড়িতে দিনব্যাপী কর্মসূচিতে বিজিবির শীতবস্ত্র বিতরণ বিনামূল্যে চিকিৎসা সেবা।
- প্রকাশ : ১০:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 21
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
হাসান মোর্শেদ দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালায় শীতার্ত ও অসহায় পার্বত্য জনপদের মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ির আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে দিনব্যাপী এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠ এবং কবাখালী আল আমিন বাড়ীয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে পৃথক দুটি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতায় ভোগা পাহাড়ি ও বাঙালি অসহায় পরিবারের মাঝে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি উপস্থিত থেকে মোট ৪৫০টি কম্বল বিতরণ করেন।
একই সময়ে বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৬০০ জন অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী (পাড়াপ্রধান) ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে।
দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি জনগণের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।




















