ভাগ্নের কাছে জমি বিক্রির নামে টাকা আদায়, মামার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!
- প্রকাশ : ১০:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 21
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
রাসেল রানা বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে ভাগ্নের কাছে জমি বিক্রির পর জমির পরিমাপ করে দখল বুঝিয়ে দেওয়ার পরও সেই জমিতে থাকা ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মামার বিরুদ্ধে এমন অভিযোগ করেন তারই আপন ভাগ্নে রেজাউল মিয়া নামে এক ব্যক্তি।ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর পূর্ব পাড়া গ্রামে।
সংবাদ সম্মেলনে মেষেরচর পূর্ব পাড়া গ্রামের আবদুল রহমানের ছেলে ভুক্তভোগী রেজাউল মিয়া বলেন, এক বছর আগে আমার বাড়ি সংলগ্ন ৪ শতাংশ জমি একই গ্রামের আমার আপন মামা আসাদ আলীর কাছে ক্রয় করি।
আমার মামা জমি বিক্রি বাবদ ২ লাখ টাকা বুঝে নিয়ে নিজে জমির দখল আমাদের বুঝিয়ে দিলে আমরা সেখানে ঘর নির্মাণ করি। কিন্তু মামাকে বার বার জমি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে জমি আমাদের রেজিস্ট্রি করে দেবে না বলে জানায়।
বুধবার সকালে আমার মামা আসাদ আলী, তার ছেলে ও তাদের লোকজন অতর্কিতভাবে ওই জমিতে প্রবেশ করে আমাদের নির্মিত ঘরটি ভাঙচুর করে। এসময় আমার বৃদ্ধ মা সহ আমরা সেখানে গেলে আমার মা কে দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত আহত করে। বর্তমানে আমার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আমার মামা আমাদের কাছে বিক্রি করা জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো আমাদের সাথে প্রতারণা করছে।
এঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করলে আমার প্রভাবশালী মামা আমাকে ও আমার ভাইদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।তিনি আমাদের নামে থানায় উল্টো মিথ্যা অভিযোগ দায়ের করে আমি ও আমার ভাইদের হয়রানির চেষ্টা করছেন।
তাই আমার মামার প্রতারণার বিচার চাই এবং তাঁকে আইনের আওতায় আনতে বকশীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।এবিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান , লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















