আধুনিক ব্যবস্থাপনায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া দীনি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন।
- প্রকাশ : ১২:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 34
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজার মক্কা সুপার মার্কেটে আধুনিক ও সুপরিকল্পিত ব্যবস্থাপনায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া দীঘিনালা নামে একটি দীনি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় দীঘিনালার বোয়ালখালী এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দীনি প্রতিষ্ঠানের সম্মানিত ওলামায়ে কেরাম, ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মাওলানা হামিদুল্লাহ নোমান। শিক্ষা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন
হাফেজ মাওলানা রুহুল আমিন এবং সহকারি পরিচালক হিসেবে আছেন মাওলানা ক্বারি মাহবুবুর রহমান।দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া দীঘিনালায় হিফজুল কোরআন বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, আদর্শ নাজেরা বিভাগসহ বাংলা, গণিত ও ইংরেজি শিক্ষা কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি বয়স্কদের জন্য কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মাওলানা হামিদুল্লাহ নোমান বলেন, এই প্রতিষ্ঠানটি কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ব্যবস্থাপনায় দীনি শিক্ষা বিস্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা রুহুল আমিন বলেন,
“শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্কদের কোরআন শিক্ষার সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। দীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া দীঘিনালা ভবিষ্যতে এলাকার শিশু-কিশোর ও বয়স্কদের জন্য কোরআন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ দীনি শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।










