সাংবাদিকদের দাবির মুখে অনলাইন পদ্ধতি বাতিল, ম্যানুয়ালি কার্ড ও গাড়ির স্টিকার দেবে ইসি।
- প্রকাশ : ০৭:১৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 19
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিনের জটিলতা, কারিগরি সমস্যার অভিযোগ এবং সাংবাদিকদের সমালোচনার মুখে অবশেষে অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিকদের জন্য নতুন কার্ড ইস্যু প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে। তবে যারা এখনও আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।
এর আগে নির্বাচন কাভারেজে নিয়োজিত সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করেছিল ইসি। কিন্তু শুরু থেকেই সাংবাদিকরা এই পদ্ধতিকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ বলে অভিযোগ করেন। আবেদন প্রক্রিয়ার জটিলতা, কারিগরি ত্রুটি এবং দীর্ঘসূত্রতার কারণে মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাংবাদিক নেতারা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত আলটিমেটাম দেন।
নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়।সাংবাদিক নেতাদের ওই আলটিমেটামের পরই অনলাইন কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করে সাংবাদিকদের হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ের সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচন কাভারেজ আরও গতিশীল ও কার্যকর হবে।
সাংবাদিক নেতৃবৃন্দ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে সাংবাদিকরা নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে খুব শিগগিরই বিস্তারিত নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।




















