ধানের শীষের বিজয়ে খাগড়াছড়ি দীঘিনালায় চাকমা নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
- প্রকাশ : ০২:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 19
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় স্থানীয় চাকমা সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে ধানের শীষ প্রতীকের বিজয় উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া বিজয়ী হওয়ায় তার পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা উপজেলার নকশী পল্লী অ্যান্ড কফি হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, “এ বিজয় গণমানুষের বিজয়। স্থানীয় পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমেই এ সাফল্য এসেছে।” তিনি নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে চাকমা সম্প্রদায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শান্তিপ্রিয় চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা এবং জিয়া পরিষদ নেতা ত্রিনয়ন চাকমা প্রমুখ। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার চাকমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।




















