২৫ একরজমির পেঁয়াজে ক্ষেত্র পরিদর্শন করেন রাজবাড়ী -২ সংসদ সদস্য ও প্রশাসন।
- প্রকাশ : ০১:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 3
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বাসুখালী মাঠে ঘাস মারার বিষ প্রয়োগে প্রায় ২৫ একর জমির পেঁয়াজখেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন কৃষক সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হারুন অর রশিদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার এবং কৃষি বিভাগের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাদের আর্থিক ক্ষতির চিত্র তুলে ধরেন। কয়েকজন কৃষক কান্নায় ভেঙে পড়েন।
ক্ষতিগ্রস্ত চাষি আব্দুল করিম জানান, তার বাড়ি কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে। তিনি কয়েক বছর ধরে বাসুখালী মাঠে পাঁচ একর জমিতে পেঁয়াজ আবাদ করে আসছেন। এ বছর সুমন মিয়া, লিটন শেখ ও মৃত্যুঞ্জয় বিশ্বাসের কাছ থেকে বছরচুক্তিতে জমি লিজ নিয়ে হালি পেঁয়াজ চাষ করেন। আর মাত্র ২০ দিন পর ফসল ঘরে তোলার কথা ছিল। কিন্তু গত ১৭ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা তার পাঁচ একর জমিতে ঘাস মারার বিষ ছিটিয়ে পেঁয়াজখেত নষ্ট করে দেয়। এতে তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন।
আরেক কৃষক আনিসুর রহমান বলেন, ধারদেনা করে ৬০ শতাংশ জমিতে পেঁয়াজ আবাদ করেছিলেন তিনি। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা ছিল। পরিচর্যার কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। কয়েকদিনের মধ্যেই পেঁয়াজ তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রাতের আঁধারে বিষ প্রয়োগে তার ক্ষেতও নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা সুজিত দাস বলেন, কৃষকদের অভিযোগ অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাতে বাসুখালী মাঠের প্রায় ২৫ একর জমিতে ঘাস মারার বিষ দেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। দু-একদিনের মধ্যে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব জানা যাবে।
বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, রাজবাড়ীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পেঁয়াজখেত নষ্টের ঘটনা বাড়ছে।
এটি কোনো বড় ধরনের ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে অবাধে ঘাস মারার বিষ বিক্রি হচ্ছে। কীটনাশক বিক্রির ক্ষেত্রে কৃষি বিভাগ, বিক্রেতা ও ক্রেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।









