এসআই পরিচয়ে ভূরুঙ্গামারীর যুবক টাঙ্গাইলে আটক।
- প্রকাশ : ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 17
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর থানায় পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয়ে তদবির করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতেই আটক হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক যুবক।বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর থানায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মিজানুর রহমান (৩০)। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার (বটতলা) গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা।
পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান মধুপুর থানায় এসে নিজেকে ৩৬তম ব্যাচের একজন সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত।এ সময় তিনি মধুপুর পৌরশহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদবির করতে আসেন।
তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে মধুপুর থানার এসআই সেলিম তালুকদার বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালকে অবহিত করেন। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে।এক পর্যায়ে মিজানুর রহমান স্বীকার করেন, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদবির করতে এসেছিলেন।
পুলিশ জানায়, চুক্তির ভিত্তিতে জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে কাজ করতে গিয়ে তিনি এই প্রতারণার আশ্রয় নেন।মধুপুর থানার ওসি জাফর ইকবাল জানান, এ ঘটনায় মিজানুর রহমানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















