বকশীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা, নিরাপত্তাহীনতায় পরিবার
- প্রকাশ : ০৮:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 13
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
নিজস্ব প্রতিবেদক।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর ইউনিয়নের বালুরচর মুন্সীপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন এক নারী ও তার পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালুরচর মুন্সীপাড়ার বাসিন্দা মোছাঃ খুশি আক্তার (৩২) তার ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে স্বামী মোঃ আনোয়ার হোসেনকে নিয়ে বসবাস করে আসছেন। জমিটি বকশীগঞ্জ থানাধীন রামরামপুর মৌজার বিআরএস ৬৩৯ খতিয়ানভুক্ত ৮.২৫ শতাংশ জমি।
খুশি আক্তারের অভিযোগ, একই এলাকার মোঃ আঃ ওয়াহেদ (৫৫), তার ছেলে মোঃ মাসুদ মিয়া (২৩) এবং সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছে। তারা বিভিন্ন সময় বাড়িঘর ভাঙচুরের হুমকি দিয়ে আসছিল।
গত ২৩ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে এসে ভয়ভীতি প্রদর্শন করে এবং জমি ছেড়ে দিতে চাপ সৃষ্টি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এমনকি তারা খুন, মারধর এবং এলাকা থেকে উচ্ছেদের হুমকিও দিয়েছে বলে জানান ভুক্তভোগী।
এদিকে স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিস্থিতি যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীর স্বামীর আপন সহোদর ভাইসহ কয়েকজন উশৃঙ্খল ব্যক্তির সহযোগিতায় বাড়িঘর ভেঙে দেওয়ার পাঁয়তারা চলছে।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী খুশি আক্তার।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




















