ট্রেনের নিচে কাটা পড়ে জমজ দুই শিশুর মৃত্যু।
- প্রকাশ : ০২:০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 10
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
——————
খেলতে গিয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ফরিদপুর মধুখালীর লখন্দিয়া এলাকার বাসিন্দা দুই জমজ ভাই তামিম শেখ, তানিম শেখ নামক দুই শিশু নিহত হয়। বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে উপজেলার লখন্দিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জমজ দুই শিশু বাড়ির পাশের রেললাইনের কাছে খেলছিল।
এ সময় রাজবাড়ীগামী একটি লোকাল ট্রেন দ্রুতগতিতে এসে পড়লে তারা সরে যাওয়ার সুযোগ পায়নি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জানা গেছে তাদের বয়স প্রায় চার থেকে পাঁচ বছর। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় লোকজনও ঘটনাস্থলে ভিড় করেন। এক প্রত্যক্ষদর্শী জানান,বাচ্চা দুইটা লাইনের পাশে খেলা করছিলো হঠাৎ রেল লাইনে ট্রেন এসে পড়ায় কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়। এলাকাবাসীর অভিযোগ ওই এলাকায় রেল লাইনের পাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। রেলগেট থাকলেও সব সময় গেটম্যান দায়িত্ব পালন করেন না।
এছাড়া বসত বাড়ি রেল লাইনের খুব কাছাকাছি হওয়ায় শিশুদের চলাচল বেশি ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময় থাকে। স্থানীয়রা দ্রুত সেখানে স্থায়ী নিরাপত্তা গেট, সিগন্যাল ও বেড়া দেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















