ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি
- প্রকাশ : ০১:৩৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 34

কৃষ্ণকুমার কুন্ডু জেলা প্রতিনিধ , নীলফামারী
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএস কর্মকর্তা ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে এবং দেশব্যাপী চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১২টায় নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন হাসপাতালের সাধারণ চিকিৎসকেরা।
মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসকেরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কর্মস্থলে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসকেরা মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা মন্তব্য করেন।
প্রতিবাদ সমাবেশ থেকে চিকিৎসকদের সুরক্ষায় তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ডা. নাসির ইসলামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ‘স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলাকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে কঠোর আইন বাস্তবায়ন করা।
বক্তারা বলেন, একজন চিকিৎসকের ওপর হামলা শুধু ব্যক্তি চিকিৎসকের ওপর নয়, পুরো স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত।
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে আরও বলা হয়, হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে আগামীতে চিকিৎসক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন ও সমাবেশে নীলফামারী জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




















