ফুলপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর গ্রেপ্তার।
- প্রকাশ : ০২:২১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 8
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় রামভদ্রপুর কান্দাপাড়া থেকে পল্লী বিদ্যুতের একটি ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়। চোরেরা ট্রান্সফরমারটি নামিয়ে এর ভেতর থেকে মূল্যবান কোর ও কয়েল চুরি করে নিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই মোঃ খাইরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স রামভদ্রপুর কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম খলিল মুক্তাগাছা থানার শশা কান্দাপাড়া (খামারের বাজার) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইব্রাহিম চুরির দায় স্বীকার করেছে। একইসঙ্গে সে এই চুরির সঙ্গে জড়িত তার অন্যান্য সহযোগীদের নাম ও ঠিকানা প্রকাশ করেছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।









