মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- প্রকাশ : ০২:০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 1
আক্কাস আলী খাননরাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান কামরুল তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (১৩ জুন) বালিয়াকান্দি ওয়াপদা মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও পরবর্তীতে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালন করে আসছেন। তিনি গত ১৬ বছর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে কামরুজ্জামান কামরুল অভিযোগ করেন, গত ১২ জুন একটি দৈনিক পত্রিকায় ‘যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। তিনি বলেন, সংবাদে তার রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড সম্পর্কেও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
তিনি দাবি করেন, সংবাদে উল্লেখিত পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে মারধর বা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই। এছাড়া সংবাদে উল্লিখিত অন্যান্য অভিযোগেরও কোনো সত্যতা নেই বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে।
এ সময় তিনি সংশ্লিষ্ট সংবাদপত্র কর্তৃপক্ষসহ সকল গণমাধ্যমকর্মীর প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক বলেন, মোঃ কামরুজ্জামান কামরুলকে জড়িয়ে আমাদের প্রতিষ্ঠানের যে নাম ব্যবহার করা হয়েছে তা সম্পুর্ন বানোয়াট ও ভিত্তিহীন। তিনি কোনদিন আমাদের নিকট থেকে টাকা পয়সা নেয়নি। আর যে সংবাদকর্মী এই নিউজটি প্রকাশ করেছেন তিনি আমাদের সাথে সরাসরি অথবা ফোনেও আমাদের বক্তব্য না নিয়ে মনগড়া বক্তব্য দিয়েছেন। আমরাও উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমানের মিজান, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম, সোহাগ সহ ক্লিনিক মালিক অসিত কুমার রায়, দেবব্রত রায়, অসিত সরকার, জাহাঙ্গীর আলম আনিস বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



















