বালিখাঁ বাজারে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা, চরম দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা
- প্রকাশ : ০৫:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 3
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বালিখাঁ বাজারে দীর্ঘদিনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের সড়কগুলোর অবস্থা এখন বেহাল। সামান্য বৃষ্টিতেই বাজার সংলগ্ন প্রধান রাস্তাটি ডুবে যাচ্ছে কর্দমাক্ত নোংরা পানিতে। ফলে বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, বাজারের প্রবেশপথ এবং ভেতরকার সড়কগুলোর বড় একটি অংশ পানিতে ডুবে আছে। কাদাপানি আর ছোট-বড় গর্তের কারণে রিকশা, ভ্যান বা মোটরসাইকেল চলাচল অসম্ভব হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই পথচারীদের নিরুপায় হয়ে এই নোংরা পানি দিয়েই যাতায়াত করতে হচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, ড্রেনেজ ব্যবস্থার কোনো অস্তিত্ব না থাকায় সামান্য বৃষ্টিতেও পানি জমে থাকে। এতে করে পণ্য পরিবহনে যেমন সমস্যা হচ্ছে, তেমনি ক্রেতাদের আনাগোনাও মারাত্মকভাবে কমে গেছে। অনেক দোকানদার জানান, জমে থাকা পানির কারণে তাদের ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছে।
বাজারের ক্রেতারা জানান আমরা সাধারণ মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি চাই। ভুক্তভোগী জনসাধারণ ও বাজারের ব্যবসায়ীরা অতি দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং রাস্তাটি সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।



















