মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে আসামি ছিনতাই ৩০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৬
- প্রকাশ : ০১:৫৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 2
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রশাসনের ওপর সংঘবদ্ধ হামলা ও আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দৌলতদিয়া ইউপির সোহরাব মন্ডল পাড়া গ্রামের শাজাহান খানের ছেলে নাসির খান (২৬), তাহের কাজী পাড়া গ্রামের মৃত আকের আলী সরদারের ছেলে দেলোয়ার সরদার (৫২), দৌলতদিয়া পোড়াভিটা এলাকারগোয়ালন্দে কোরবান শেখের মেয়ে ও আঃ রাজ্জাক বেপারীর স্ত্রী মৌসুমী আক্তার (৪০), উত্তর দৌলতদিয়া বাজার এলাকার সোবহান শেখের ছেলে আকাশ সেখ (২২), একই এলাকার মুজাই মন্ডলের ছেলে আকাশ ওরফে কালু (২৩) ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকার আয়ুব নবীর ছেলে রাসেল বেপারী (২১)।
গত ২২ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। অভিযানের এক পর্যায়ে ফয়সাল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৮০০ টাকা।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে হঠাৎ করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত ২ নং আসামিসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের একটি দল ঘটনাস্থলে হামলা চালায়। হামলাকারীরা সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে এবং আটক আসামি ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মামুন শাকী, এএসআই মোঃ হেলাল উদ্দিন, এএসআই বিপ্লব চক্রবর্তী আহত হন। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকার বেবির ছেলে ফয়সাল (৩০) ও দৌলতদিয়া পোড়াভিটার ইব্রাহিম প্রমাণিকের স্ত্রী লাইলী বেগমকে (৩৭) নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বুধবার (২৪ জুন) পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















