পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক আটক।
- প্রকাশ : ০১:৪৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 11
এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাইপাস সড়ক মোড় এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার বাইপাস সড়ক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম পাটগাতি সরদারপাড়া গ্রামের বাসিন্দা জসিম মোল্লা (পিতা: মৃত বাবুল মোল্লা)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোসলেম উদ্দিন জানান, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা নম্বর-০২, তারিখ: ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আটক ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে টুঙ্গিপাড়া থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



















