তারাকান্দায় পূর্বশত্রুতার জেরে বসতঘরে অগুনের অভিযোগ
- প্রকাশ : ০২:১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 9
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের পশ্চিম আটাদার গ্রামে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তির ঘরে অগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৫ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘরে থাকা নগদ টাকা, ধান, চাল, হাঁস-মুরগিসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোরে চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাচ্চু মিয়ার বাড়িতে আগুন জ্বলতে দেখেন। আগুন নেভাতে গেলে সেলিম মিয়া, শফিকুল, আবুবক্কর সাইউদ্দিন, আজিজুল সহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথ গতিরোধ করে এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে ।
স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুলাই বিকালে পূর্ববিরোধের জেরে বাচ্চু মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৪৫) হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার জের ধরেই বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।
রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে সংরক্ষিত সারা বছরের খাদ্যশস্যও আগুনে ভস্মীভূত হয়েছে। বাচ্চু মিয়ার ছেলে জানান, তিনি ও তাঁর ভাই ঢাকায় পাইলিং প্রকল্পে কাজ করে ঘর নির্মাণের জন্য ৪ লাখ টাকা সঞ্চয় করেছিলেন। ওই টাকা ছাড়াও প্রায় ২৫টি হাঁস-মুরগি, ২০ মণ ধান, ২ মণ চাল এবং গৃহস্থালির বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
বাচ্চু মিয়া অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে প্রতিবেশী আবুবকর তাঁর জমি কিনতে চাইলে তিনি রাজি হননি। এরপর থেকেই বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল। সর্বশেষ তাঁর স্ত্রীকে মারধর বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ভর্তি আছে। পরে বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ বলেন, রাশিদা বেগমকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। আগুনের ঘটনাও পুলিশ জেনেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




















