জুলাইয়ের চেতনা পুনর্জাগরণের আহ্বান জানালেন সেলিম উদ্দিন
- প্রকাশ : ০৬:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 3
মাহফুজুর রহমান।
রাজধানীর উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে চিত্রাঙ্কন ও গ্রাফিতি কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জুলাইয়ের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার সকালে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, “জীবন দেব, কিন্তু জুলাই দেব না।” তিনি বলেন, জুলাইয়ের চেতনা ও শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই মুছে ফেলা যাবে না। শহীদদের রক্তের বিনিময়ে মানুষের ন্যায়বিচার, মর্যাদা ও বৈষম্যহীন সমাজের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়া সময়ের দাবি। শহীদদের স্মৃতি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে তাঁদের আদর্শ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। পাশাপাশি জনগণের পাশে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম। তিনি জুলাইয়ের আত্মত্যাগ, গণ-আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ গঠনের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।
আয়োজকদের মতে, জুলাইয়ের ঘটনাবলি স্মরণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন ও গ্রাফিতির মাধ্যমে জুলাইয়ের বিভিন্ন ঘটনা ও শহীদদের স্মৃতিচারণ করা হয়।
সদস্য সচিব কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যক্ষ আশরাফুল হক, জামাল উদ্দিন, ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব, ইমরান হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে অতিথি ও নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।



















