গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাইসহ নিহত,৩
- প্রকাশ : ০৮:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 1
এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাইসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মোটর সাইকেলে করে শ্যালক অচিন্ত্য কুণ্ডু তার দুলাভাই উজ্জ্বল বাড়ৈকে নিয়ে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে টেকেরহাটগামী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অচিন্ত্য কুণ্ডুর মৃত্যু হয়। গুরুতর আহত হন উজ্জ্বল বাড়ৈ এবং অপর মোটরসাইকেলের আরোহী ফয়সাল ব্যাপারী। খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, গুরুতর আহত উজ্জ্বল বাড়ৈকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপর আহত ফয়সাল ব্যাপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের বাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার বিভিন্ন গ্রামে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















