গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি।
- প্রকাশ : ০১:৪৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 1
এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫ প্লাটুন সদস্য। গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং নিরাপত্তা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, সড়ক এবং জনসমাগমস্থলে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,জেলার সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে।পাশাপাশি সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

















