পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে আগুন, পুড়ল ৫ দোকান
- প্রকাশ : ০২:৪৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 4
ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা
আক্কাস আলী খান প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশা বাজারে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বাড়েক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়েক মোড় এলাকার একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির পালায় আগুন দিয়ে বল্লার বাসা পোড়ানো হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত পাটকাঠির পালায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাজারে। এতে পরপর পাঁচটি দোকানে আগুন লাগে।
অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পাঁচটি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
পাংশা বণিক সমিতির সভাপতি বলেন, বাজারের পাশের একটি বসতবাড়িতে লাগা আগুন থেকেই তার দুটি দোকানসহ আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বসতবাড়ি ও বাজার এলাকায় আগুন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
ক্ষতিগ্রস্ত কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল। জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন না। দোকানে মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা হয়েছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে।
রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দাওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।




















