টাঙ্গাইলে নতুন করে বাড়ছে নদীর পানি, শতাধিক গ্রাম প্লাবিত
- প্রকাশ : ১২:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / 37
মোঃ শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে আবারও বাড়ছে নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টায় জেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধলেশ্বরী নদীর পানি ৬৭ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভূঞাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
তীব্র স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। পানিবন্দি এসব এলাকার লোকজন মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও বন্যার পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর জমির আউশ ধান, পাট, তিল আর সবজি। ভেসে গেছে পুকুরের মাছ। নদী তীরবর্তী এলাকার মানুষ ভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার (১৪ জুলাই) টাঙ্গাইলে যমুনা নদীর পানি জোকারচর পয়েন্টে ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬৭ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, ভূঞাপুর, কালিহাতী ও সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ভূঞাপুর ইতোমধ্যে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে।





















