প্রেমিকার অত্যাচারেই আত্মহত্যা, রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার মামলা
- প্রকাশ : ০১:০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / 76
বিনোদন ডেস্ক
বলিউডের অচিরেই হারিয়ে ফেলা অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহারের পাটনার রাজেন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিংহ।
রিয়া ছাড়াও তার ভাই শৌভিক চক্রবর্তীসহ পরিবারের আরও কয়েকজনও রয়েছে এই এফআইআরের আওতায়।
মঙ্গলবার (২৮ জুলাই) পাটনা সেন্ট্রাল জোনের আইজি সংবাদমাধ্যমকে বলেন, রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা), ৩৪১ এবং ৩৪২ (জোর করে ধরে রাখা), ৩৮০ (বাড়ির জিনিস চুরি), ৪০৬ (চুক্তিভঙ্গ) এবং ৪২০ (প্রতারণা) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সুশান্তের বাবার দাবি, রিয়া বুঝতে পেরে গিয়েছিলেন যে সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দিন দিন কমছে। এরপর ৮ জুন নগদ অর্থ, অলংকার, ল্যাপটপ, ক্রেডিট কার্ড, পিন নম্বর, পাসওয়ার্ড, গুরুত্বপূর্ণ কিছু কাগজ এবং চিকিৎসকের রশিদ নিয়ে চলে যায়।
অভিযোগে আরো বলা হয়েছে, সুশান্ত তার বোনকে ফোন করে জানিয়েছিলেন, রিয়া চিকিৎসকের রশিদ মিডিয়াকে দেখিয়ে সুশান্তকে পাগল প্রমাণ করার হুমকি দিয়েছেন। এরপর কেউ তাকে কাজ দেবে না। ৮ জুন সুশান্তের সেক্রেটারি আত্মহত্যা করেন। রিয়াই তাকে সুশান্তের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু পরে তার ফোনে সুশান্তের নম্বর ব্লক করে দেন রিয়া। তার সেক্রেটারির আত্মহত্যার ঘটনায় তাকে রিয়া ফাঁসাতে পারেন বলে সুশান্ত ভয় পাচ্ছিলেন। কারণ এ বিষয়ে তাকে হুমকি দিয়েছিলেন এই অভিনেত্রী। এসব কারণেই বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন সুশান্ত।
সুশান্তের বাবা জানিয়েছেন, অসুস্থতার কারণে মুম্বাইয়ে গিয়ে মামলা লড়তে যেতে পারবেন না তিনি। এ কারণে পাটনায় এই অভিযোগ দায়ের করেছেন।



























