আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন।
- প্রকাশ : ০৯:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 1
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট এলাকায় সেনাসদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল, শোডাউন ও বিভিন্ন কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত মহানগর ও জেলায় সেনাসদস্যরা মোতায়েন থাকবেন— ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা, ফরিদপুর জেলা। সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, এসব এলাকায় সেনাসদস্যরা “ইন এইড টু সিভিল পাওয়ার” হিসেবে দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বিত টহল জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঢাকায় ১৮ হাজারের বেশি পুলিশ মোতায়েন রাজধানী ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরজুড়ে ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে কোনো ধরনের সমাবেশ, মিছিল বা শোডাউনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে। জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতেই সেনাবাহিনী মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে অতীতে বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটায় এবার সরকার আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গোপালগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও কঠোর হতে পারে।























