লালমনিরহাটে এক নারীসহ তিন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- প্রকাশ : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / 31
ফারুক হোসাইন, লালমনিরহাট
লালমনিরহাটে আজ শুক্রবার সকালে অজ্ঞাত যুবতী নারীর লাশসহ তিস্তা নদীতে তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
লালমনিরহাট সদর থানা সুত্রে জানা গেছে,খুনিয়াগাছ ইউনিয়ন এলাকায় তিস্তা নদীতে ভেসে উঠা অজ্ঞাত এক নারীর লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ সেটি উদ্ধার করে মর্গে পাঠায়।
ওই নারীর এখনও পরিচয় মিলেনি। সদর থানা ওসি মাহফুজ আলম এক নারীর লাশ উদ্ধার করার কথা নিশ্চিত করেন।
অপরদিকে,জেলার পাটগ্রাম উপজেলা থেকে ১৩ কিঃমিঃ দূরে বুড়িমারী সীমান্তে বিকেলে ধরলা নদীতে অজ্ঞাত এক লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পাটগ্রাম থানা পুলিশ সেটি উদ্ধার করেন বলে পরিদর্শক (তদন্ত) মোঃ মোজাম্মেল হক নিশ্চিত করেন।
এদিকে আবার সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা সানিয়াজান নদীর রাবার ড্যাম নামক এলাকায় বালু দিয়ে পুতে রাখা লাশের গন্ধ পেয়ে কুকুর পা দিয়ে আচড়িয়ে বালু খুঁড়ে অজ্ঞাত একটি লাশের পা দুটো বের হয়।
পঁচা গলিত লাশের গন্ধে আশ পাশের পরিবেশ ভারী হয়ে গেছে।
হাতীবান্ধা থানা পুলিশ খবর পেয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি উদ্ধার করা হয়নি।





















